PMEGP-র হাত ধরে স্বনির্ভরতার বার্তা, শিলিগুড়িতে উদ্যোক্তাদের নিয়ে সচেতনতা কর্মসূচি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১২,আগস্ট :: চাকরির পিছনে ছোটা নয়, সরকারি সহায়তায় নিজের উদ্যোগ গড়ে তুলে স্বনির্ভর হওয়ার পথ দেখাতে শিলিগুড়িতে আয়োজিত হল PMEGP-কে ঘিরে বিশেষ সচেতনতা কর্মসূচি।

বেকার যুবক-যুবতী থেকে শুরু করে নতুন করে ব্যবসা শুরু করতে ইচ্ছুক সম্ভাব্য উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হল সরকারি প্রকল্পের সুযোগ ও সম্ভাবনা।

কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (KVIC)-এর উদ্যোগে এবং শিলিগুড়ি সাব-ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারের সহযোগিতায় SIEDA-র কনফারেন্স হলে এই একদিনের কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সরকারি দফতর, ব্যাংকিং ক্ষেত্র এবং উদ্যোক্তা মহলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা, IAS।

উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজার তথা দার্জিলিং জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার সিং, শিলিগুড়ি সাব-DIC-এর অফিসার-ইন-চার্জ অভিষেক বসাক এবং KVIC-এর এক্সিকিউটিভ অফিসার নীলমেশ সরকার।

কর্মসূচিতে মূলত জোর দেওয়া হয় PMEGP প্রকল্পের মাধ্যমে কীভাবে নতুন ব্যবসা বা ক্ষুদ্র শিল্প গড়ে তোলা সম্ভব, সেই বিষয়টির উপর।

প্রকল্পে আবেদন করার পদ্ধতি, সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া এবং ব্যবসা শুরু থেকে তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সম্ভাব্য উদ্যোক্তাদের সামনে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

শুধু সরকারি প্রকল্পের তথ্য নয়, অনুষ্ঠানে তুলে ধরা হয় বাস্তব সাফল্যের গল্পও। PMEGP-র এক সফল উপভোক্তা নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। কীভাবে সরকারি প্রকল্পের সহায়তাকে কাজে লাগিয়ে নিজের উদ্যোগ দাঁড় করিয়েছেন, সেই অভিজ্ঞতা নতুন উদ্যোক্তাদের উৎসাহ জোগায়।

আয়োজকদের বক্তব্য, PMEGP সম্পর্কে সঠিক ধারণা এবং প্রকল্পের সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ধরনের সচেতনতা কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বিশেষ করে যারা নিজেদের ব্যবসা শুরু করতে চান, কিন্তু আর্থিক বা প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে পিছিয়ে যাচ্ছেন, তাঁদের কাছে এই প্রকল্পের সুযোগ তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়।

সরকারি আধিকারিক, ব্যাংক প্রতিনিধি এবং সম্ভাব্য উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনভর চলে এই কর্মসূচি। KVIC আধিকারিকদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কর্মসূচির মাধ্যমে শিলিগুড়ি ও আশপাশের এলাকার নতুন উদ্যোক্তাদের মধ্যে PMEGP নিয়ে আগ্রহ এবং সচেতনতা আরও বাড়বে বলেই আশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =