নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৯,মে :: গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ ৩ বালিকা, উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় যুবকেরা। মালদার মানিকচকে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন বালিকা। আজ সকাল ৯টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ বালিকাদের নাম তিথি মন্ডল (৯), ইতি মন্ডল (১০) এবং পিংকি মন্ডল (১১)। নিখোঁজ এক বালিকার মা জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে পুজো করছিলেন; ঠিক তখনই তাঁদের অলক্ষ্যে ওই তিন বালিকা একসঙ্গে গঙ্গায় স্নান করতে চলে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই নদীর পাড়ে ছুটে আসেন বালিকাদের মায়েরা এবং তাঁরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয় যুবকেরা ডিঙি নৌকা নিয়ে গঙ্গায় জাল ফেলে এবং কেউ কেউ নদীতে ডুব দিয়ে নিখোঁজ বালিকাদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করেন।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে এবং তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকায় বর্তমানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

