চল্লিশ শতাংশ ঠিকা শ্রমিক ছাঁটাইয়ের চক্রান্তের অভিযোগে ডিএসপি গেটে বিক্ষোভ, সরব বিএমএস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৯,মে :: দুর্গাপুর ইস্পাত কারখানায় (ডিএসপি) ৪০ শতাংশ ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)।

এই অভিযোগকে সামনে রেখে সোমবার সকালে কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হন বিএমএস ও দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সদস্যরা।

শ্রমিক সংগঠনের অভিযোগ, সম্প্রতি একটি নোটিশের মাধ্যমে তারা জানতে পারেন যে কারখানা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক ঠিকা শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

এর প্রতিবাদেই এদিন গেটের সামনে জোরালো আন্দোলনে নামেন শ্রমিকরা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ঠিকা শ্রমিকদের মজুরিতে কাটমানি চলছে। সেই দুর্নীতির বিরুদ্ধে এবার সংগঠিতভাবে প্রতিবাদ শুরু হয়েছে।

শ্রমিকদের বক্তব্য, কোনও ঠিকাদারের মাধ্যমে নয়, সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি প্রদান করতে হবে। পাশাপাশি ইএসআই, পিএফ-সহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও তোলা হয়।

বিএমএস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানায়, শ্রমিকদের অধিকার খর্ব করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =