নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুকুটমনিপুর :: মঙ্গলবার ১৮,আগস্ট :: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে আগাম সতর্কতা হিসেবে চলতি মরশুমে প্রথমবার খোলা হলো মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের লকগেট। সোমবার সন্ধ্যা থেকে জলাধারের তিনটি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৫ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে।
টানা বৃষ্টিতে কংসাবতী জলাধারের জলস্তর বেড়ে সোমবার দুপুরে প্রায় ৪৩০ ফুটে পৌঁছায়, যেখানে এর সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৪৩৪ ফুট। কংসাবতী ও কুমারী নদী দিয়ে অতিরিক্ত জল প্রবেশের আশঙ্কায় এই আগাম পদক্ষেপ নিয়েছে সেচ দফতর।
বাঁকুড়ার নিম্ন অববাহিকা ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করা হলেও, সেচ দফতরের আশ্বাস—বর্তমানে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।
এদিকে লকগেট খোলার খবর ছড়িয়ে পড়তেই জলাধারে জল ছাড়ার অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জল ছাড়ার এই দৃশ্য এখন মুকুটমণিপুরের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

