সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৪,আগস্ট :: শিলিগুড়ি পুর কর্পোরেশনের ‘মুখোমুখি’ কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শহরের প্রাক্তন বাম কাউন্সিলররা।
তাঁদের অভিযোগ, এই কর্মসূচিতে কর্পোরেশনের নাগরিক পরিষেবার মূল সমস্যাগুলি নিয়ে কোনও কার্যকর সমাধানের রূপরেখা তুলে ধরা হয়নি।
প্রাক্তন কাউন্সিলরদের বক্তব্য, প্রতিদিন জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) সংগ্রহ থেকে শুরু করে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, এই মৌলিক পরিষেবাগুলির উন্নয়নই বর্তমানে শিলিগুড়িবাসীর সবচেয়ে বড় প্রয়োজন।
এদিন তাঁরা আরও বলেন, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনাও জরুরি। তাই শিলিগুড়ি পুর কর্পোরেশনে দ্রুত নির্বাচন করার দাবি জানান তাঁরা।
তাঁদের বক্তব্য, শহরের মানুষ যাঁদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই জনপ্রতিনিধিদেরই তাঁরা গণতান্ত্রিকভাবে মেনে নেবেন এবং সেই বোর্ডের অধীনেই পুর প্রশাসন পরিচালিত হওয়া উচিত।

