জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শুক্রবার ২১,আগস্ট :: আরামবাগের বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই ‘মাস্টার প্ল্যান’ তৈরির দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। বিধানসভা ভোটের আগে বিজেপির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, রাজ্যে নতুন সরকার তৈরি হলেই সেই স্বপ্ন পূরণ করবেন তাঁরা।
দেরিতে হলেও অবশেষে সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। তার জন্য মোট ১২০০ কোটি বরাদ্দ করবে রাজ্য সরকার। যার কাজ শুরু হবে ২০২৭-এ। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপরে দ্বিতীয় রামকৃষ্ণ সেতু তৈরির জন্যও ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।
বৃহস্পতিবার আরামবাগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই খবর জানিয়েছেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সেই সঙ্গে তাঁদের দাবি, আরামবাগের বন্যা রোধে মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

