নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: মঙ্গলবার ১৪,জুলাই :: রানীগঞ্জের রানীসায়ের মোড় এলাকায় অবস্থিত বাজোরিয়া বৃদ্ধাশ্রমে অখিল ভারতীয় মারোয়ারি সম্মেলন, রানীগঞ্জ শাখা এবং শ্রী হনুমান চালিসা সংঘের যৌথ উদ্যোগে একটি গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একসঙ্গে ৬ জোড়া বর-কনের বিবাহ সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে দুই সংগঠনের পদাধিকারীদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। তিনি অনুষ্ঠানের আয়োজক ওমপ্রকাশ বাজোরিয়া এবং তাঁর সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
বিধায়ক বলেন, ওমপ্রকাশ বাজোরিয়া ও তাঁর দল দীর্ঘদিন ধরে সমাজের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের কন্যাদের বিবাহের ব্যবস্থা করে আসছেন।
তাঁরা শুধু বিবাহের আয়োজনই করেন না, বিবাহ-সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়াও সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে ভবিষ্যতে নবদম্পতিদের কোনও সমস্যার মুখোমুখি হতে না হয়।
তিনি আরও জানান, বিবাহের পর নতুন সংসার শুরু করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থালির সামগ্রীও নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয়। তাঁর কথায়, এটি শুধুমাত্র একটি গণবিবাহ নয়, বরং একটি অনন্য সামাজিক উদ্যোগ, যা রানীগঞ্জে দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নবদম্পতিদের উদ্দেশে পার্থ ঘোষ বলেন, জীবনের এই বিশেষ দিন, এই স্থান এবং যাঁদের সহযোগিতায় তাঁরা নতুন জীবন শুরু করতে পারছেন, তাঁদের যেন সবসময় মনে রাখেন।
পাশাপাশি ভবিষ্যতে সুযোগ পেলে সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে অন্যদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

