নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ৩১,মে :: ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস, এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি। চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গ পল্লী এলাকার।
জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস। তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো।
এলাকার তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নর মস্তান নামে পরিচিত। তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ।
ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয় এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলা হুমকি চলতো।
সেই রক্তচক্ষু অপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি। এখনো ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণ তাদের দাবি রাতের অন্ধকারে গোটা এলাকা ধাপিয়ে বেড়ায় নর ঘোষের দলবল। কিছু বললেই মারধোর শুরু করে।
গতকাল রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে, শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানতেও জিজ্ঞাসাবাদ শুরু করে।

