সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ ::শিলিগুড়ি :: শুক্রবার ৩১,জুলাই :: শিলিগুড়ি শহরে রেলের জমিতে অনেকদিন ধরে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে নিয়ে শুক্রবার শিলিগুড়িতে নথি জমা দেওয়ার প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে।
সকাল হতেই নির্দিষ্ট কেন্দ্রে ভিড় ছিল বাসিন্দাদের। বৃদ্ধ, মহিলা, যুবক-যুবতী সকল বয়সের মানুষ দীর্ঘ লাইন ছিল। তারা দাঁড়িয়ে নিজেদের বসবাসের প্রমাণস্বরূপ বিভিন্ন নথিপত্র জমা দেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।
বাসিন্দারা জানান, তাঁদের অনেকেই গত তিন থেকে চার প্রজন্ম ধরে ওই রেল এলাকায় বসবাস করে আসছেন। বছরের পর বছর ধরে সেখানে বাড়িঘর নির্মাণ করে সংসার গড়েছেন। অনেকের সন্তানদের পড়াশোনা, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনযাত্রা এই এলাকাকেই কেন্দ্র করে।
তাই পুনর্বাসনের কোনও সুস্পষ্ট ব্যবস্থা ছাড়া উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর হলে হাজার হাজার মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এদিন নথি জমা দেওয়ার সময় বাসিন্দাদের পাশে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির সদস্যরাও।
এদিকে, রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এখন সকলের নজর রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। বাসিন্দাদের আশা, তাঁদের জমা দেওয়া নথি ও আবেদন বিবেচনা করে পুনর্বাসন সংক্রান্ত একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

