শিলিগুড়ি ঘোগোমালী জনশ্রী ক্লাবের ৫৭তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: ঘোগোমালী জনশ্রী ক্লাবের ৫৭তম বর্ষের দুর্গাপুজো উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী খুঁটি পুজো।

এদিন পুজো কমিটির সদস্য, এলাকার প্রবীণ বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়।

প্রতি বছরই দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে ঘোগোমালী জনশ্রী ক্লাব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দক্ষিণ ভারতের কর্ণাটকের একটি বিশেষ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে এবারের পুজোর প্যান্ডেল।

মন্দিরের স্থাপত্য ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্যকে মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

গত বছরও অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়েছিল ঘোগোমালী জনশ্রী ক্লাব। গত বছরের পুজোর থিম ছিল পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল। সেই সাফল্যের পর এবার কর্ণাটকের বিশেষ মন্দিরকে কেন্দ্র করে নতুন ভাবনায় মণ্ডপ তৈরি করার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি।

খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ বাসিন্দা তথা বর্তমানে বিজেপির ৩৭ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর টুফান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক বিল্টু চক্রবর্তী, পুজো কমিটির সদস্য শিবু দে সহ ক্লাব ও পুজো কমিটির অন্যান্য সদস্যরা।

খুঁটি পুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। আগামী দিনে মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে প্রতিমা, আলোকসজ্জা এবং অন্যান্য আয়োজনকে ঘিরে ধীরে ধীরে ব্যস্ততা বাড়বে ঘোগোমালী জনশ্রী ক্লাব প্রাঙ্গণে।

এবারের কর্ণাটকের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দর্শনার্থীদের কতটা আকর্ষণ করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =