শিশুকে দেওয়া হল বাসি-পচা চিকেন প্যাটিস – দুর্গাপুরের স্টিল মার্কেটে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: সাড়ে তিন বছরের শিশুকে বাসি-পচা খাবার দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে।

অভিযোগ, একটি ব্র্যান্ডেড কেক ও প্যাটিসের দোকান থেকে শিশুকে খাওয়ানোর জন্য কেনা চিকেন প্যাটিসের মধ্যে থাকা চিকেনের টুকরো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। নেতাজি কলোনির বাসিন্দা লাল্টু দাসের অভিযোগ, সাড়ে তিন বছরের কন্যাকে নিয়ে ওই দোকানে গিয়েছিলেন তিনি।

শিশুটি চিকেন প্যাটিসের সিংহভাগ খেয়ে ফেলার পর নিজে খাবারটি চেখে দেখতে যান লাল্টুবাবু। তখনই চিকেনের টুকরো থেকে দুর্গন্ধ পান তিনি। বিষয়টি দোকানের কর্মীদের জানানো হলে প্রথমে তাঁরা খাবারটি বাসি বা পচা নয় বলে দাবি করেন বলে অভিযোগ।

এরপর বিষয়টি নিয়ে লাল্টু দাস এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয় বলে অভিযোগকারী পরিবারের দাবি। পাশাপাশি দোকানের ম্যানেজারকে থানায় ডেকে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + six =