নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: বর্ষায় মহানন্দা নদীতে জলস্রোত বেড়েছে। আর সেই পরিস্থিতিতেই লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় নদী পারাপার করছে শতাধিক পড়ুয়া। ইংরেজবাজার ব্লকের নরহাট্টার টেকরা ঘাট থেকে পুরাতন মালদার লোলাবাগ ঘাটে
প্রতিদিন নৌকায় যাতায়াত করে কালাচাঁদ হাইস্কুল, আহ্লাদমনি গার্লস হাইস্কুল ও শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, পড়ুয়াদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ছোট ও মাঝারি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করছেন।
স্থানীয়দের দাবি, নদীপথে ১৫ মিনিটে স্কুলে পৌঁছনো গেলেও সড়কপথে প্রায় এক ঘণ্টা সময় লাগে। নৌকায় পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেওয়া হলেও ঘাটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল ভট্টাচার্য নিরাপদ যাত্রার জন্য যন্ত্রচালিত বড় নৌকা ও লাইফ জ্যাকেটের দাবি জানিয়েছেন। বিধায়ক গোপালচন্দ্র সাহা বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার আশ্বাস দিয়েছেন।

