শ্রাবণে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা হলো না! উত্তরপ্রদেশের বাসিন্দা পুণ্যার্থী বাসের ভিতর অসুস্থ্য হয়ে মৃত্যু পূর্ব জেলার জামালপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৪,আগস্ট :: শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তারকেশ্বর থেকে পুণ্য সঞ্চয় করে পরিবারের সাথে বাসে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক পুণ্যার্থী মহিলা।

কিন্তু বাড়ি আর ফেরা হলো না তাঁর। পথের মধ্যেই বাসের ভেতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ওই মহিলার। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ভেড়িলি পুল এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত পুণ্যার্থী মহিলার নাম পার্বতী দেবী তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

শ্রাবণী মেলা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি তারকেশ্বরে শ্রাবণী মেলায় শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন। ভক্তিসহকারে পুজো ও জল ঢালা শেষে বাসে চেপে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা।

বাসটি যখন জামালপুরের ভেড়িলি পুল এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই সময় মঙ্গলবার হঠাৎই বাসের মধ্যেই তীব্র অসুস্থ বোধ করতে শুরু করেন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।

পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি বাসটি থামিয়ে তাঁকে স্থানীয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সহযাত্রী ও পরিজনরা। তবে হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। সেখানকার কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গরম, ভিড় বা শারীরিক কোনো জটিলতার জেরে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবার ও অন্য পুণ্যার্থীদের মধ্যে চরম শোকের ছায় নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eight =