নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামশেরগঞ্জ :: মঙ্গলবার ৪,আগস্ট :: ঝাড়খণ্ডে পাচারের আগেই ১৫৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
ধৃত যুবকের নাম মাবুদ শেখ। তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার দোগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন মাবুদ শেখ। গোপন সূত্রে খবর পেয়ে নতুন ডাকবাংলা এলাকায় নজরদারি শুরু করে পুলিশ।
সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৫৪ গ্রাম হেরোইন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। হেরোইনের চালানটি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছেতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশি তদন্তের স্বার্থে ধৃত মাবুদ শেখকে জিজ্ঞাসা বাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে সামসেরগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক পাচারচক্রের মূলহোতাদের সন্ধানে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

