শ্রাবণ মাসের প্রস্তুতি খতিয়ে দেখতে বরাকরের সিদ্ধেশ্বরী মন্দিরে মন্ত্রী ডা. অজয় পোদ্দার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: সোমবার ৩,আগস্ট :: পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে কুলটি বিধানসভার বরাকর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর মন্দির পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার।

মন্দির চত্বরে পৌঁছে মন্ত্রী মন্দির কমিটির সদস্য এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শ্রাবণ মাসে দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনগুলিতে আরও কী ধরনের প্রস্তুতি নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।পরিদর্শনের সময় তিনি মন্দিরের পরিকাঠামো, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যবিধি, আলোর ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন। ভক্তদের যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার বলেন, “সিদ্ধেশ্বর মন্দির আমাদের এলাকার গর্ব। শ্রাবণ মাসে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে মন্দির চত্বরে সমস্ত প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ভক্তরা যাতে নির্বিঘ্নে পুজো ও জলাভিষেক করতে পারেন, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এদিন মন্দির চত্বরে অতিরিক্ত আলোর ব্যবস্থা, পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী মোতায়েন, নিরাপত্তা এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণ মাস জুড়ে ভক্তদের সুবিধার্থে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =