সরকারি ও ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ১২,জুন :: সরকারি ও ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। বাড়ি ও কার্যালয় মিলিয়ে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন।

ঘটনাস্থলে ডিম ছোড়া থেকে শুরু করে ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি ও ত্রাণসামগ্রী। অভিযোগ, ওই সমস্ত সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল।

                                                                          কাউন্সিলার ছন্দা ঘোষাল

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালপত্র বাজেয়াপ্ত করে। বর্তমানে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছন্দা ঘোষাল। এর আগে ওই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তাঁর স্বামী সৌমেন মোহন ঘোষাল।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি দেবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল এবং তা উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি সম্পত্তি কি না এবং কীভাবে সেগুলি সেখানে মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =