সরষের তেল-চিনি থেকে সবজি লাগাম ছাড়া দাম বসিরহাটের বাজারে প্রশাসনের অভিযান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৫,আগস্ট :: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার বাজারে সরেজমিনে নামল প্রশাসন। সাতসকালে বসিরহাট নতুনবাজারে হানা দেন মহকুমা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা।

মাছ, সবজি থেকে শুরু করে মুদিখানার দোকান—বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বাজারদর সম্পর্কে খোঁজ নেন তাঁরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট নতুনবাজারে এই পরিদর্শনে ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জেসলিন কৌর এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলক নন্দ ভাওয়াল ।

প্রশাসন ও পুলিশের আধিকারিকরা একদিকে মাছের বাজার, অন্যদিকে সবজি বাজার এবং মুদিখানার ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

বর্তমানে বাজারে সবজি, মাছ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বিশেষ করে সরষের তেল ও চিনির দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ক্রমাগত দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলিকে। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের বাজারদর সম্পর্কে সতর্ক করা হয় এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =