নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২১,এপ্রিল :: সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। সল্টলেক আনন্দলোক হাসপাতালে আগুন। জানা যাচ্ছে, হাসপাতালে দোতলায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
এরপরেই দ্রুত রোগীদের নিরাপদ জায়গায় বের করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, হাসপাতালের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
যদিও কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিন শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই বেসরকারি হাসপাতালের দ্বিতীয় তলে প্রথম আগুন ও ধোঁয়া দেখতে পান পথচারীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হাসপাতালের এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। মুহূর্তের মধ্যে আগুন হাসপাতালের অপারেশন থিয়েটারের একাংশে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই হাসপাতালের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। হাসপাতালের দোতলা ও তিনতলায় ভর্তি থাকা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয় ।
উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানান, প্রায় ৭০ থেকে ৭৫ জন রোগীকে সুরক্ষিতভাবে উদ্ধার করে হাসপাতালের অন্য একটি ভবনে স্থানান্তরিত করা হয়েছে।
দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় বেলা ১১টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও বড়সড়ো কোনও হতাহতের খবর মেলেনি।
