নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তাহেরপুর :: রবিবার ১৭,মে :: মাঝরাতে বড় সাফল্য নদিয়ার তাহেরপুরে! বড়সড় কোনো অপরাধ ঘটানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে রওনা দিয়েছিল ৪ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল।
গোপন সূত্রে খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ আধিকারিকরা ফোর্স নিয়ে বীরনগর বড়বাজার এলাকায় ঘিরে ফেলেন দুষ্কৃতীদের গাড়িটি। পুলিশের তৎপরতায় গাড়ি থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৪ অপরাধীকে। উদ্ধার হয়েছে লোডেড পিস্তল ও তাজা কার্তুজ।
তাহেরপুর থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সোয়া বারোটা নাগাদ পুলিশের কাছে একটি অত্যন্ত গোপন ও নির্ভরযোগ্য খবর আসে।
জানা যায়, রানাঘাটের দিক থেকে একটি সাদা রঙের মালটানা গাড়ি ৩-৪ জন সশস্ত্র যুবককে নিয়ে বীরনগরের দিকে ঢুকছে। তাদের উদ্দেশ্য, তাহেরপুর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় কোনো বড়সড় অপরাধমূলক কাজ সংগঠিত করা।
খবর পাওয়ামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজের সাথে বেশ কয়েকজন অফিসার ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন। বীরনগর বড়বাজার এলাকায় ওত পেতে থাকে পুলিশ। নির্দিষ্ট গাড়িটি আসামাত্রই পুলিশ চারদিক থেকে সেটিকে ঘিরে ফেলে।
পুলিশের অতর্কিত হানায় পালানোর কোনো সুযোগ পায়নি দুষ্কৃতীরা। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই পেছনের ডালার কাছে বসে থাকা দুই যুবকের মধ্যে একজনের কাছ থেকে একটি লোডেড পিস্তল উদ্ধার হয়। অন্য জনের কাছ থেকে পাওয়া যায় দু-রাউন্ড তাজা গুলি।
এরপরই পুলিশ গাড়ির চালক এবং তার পাশে বসে থাকা সহযোগীসহ মোট চারজন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতদের রাতেই তাহেরপুর থানায় নিয়ে আসা হয়। পুলিশ ইতিমধ্যেই সিজার লিস্ট এবং অ্যারেস্ট মেমো তৈরি করে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করেছে।
এই চক্রের সাথে আর কারা জড়িত এবং তারা আনন্দনগরে ঠিক কী ধরনের অপরাধ করার ছক কষেছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

