সাহাগঞ্জে হোটেলে ‘মধুচক্র’-এর অভিযোগ ঘিরে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয়দের

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: সাহাগঞ্জ :: শুক্রবার ১৫,মে :: সাহাগঞ্জের ডানলপ এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম ও ‘মধুচক্র’ চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ‘আপ্যায়ন’ নামে ওই হোটেলের সামনে উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, বহুবার পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষকেই হেনস্থা হতে হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা সঞ্জয় মিশ্র দাবি করেন, ২০১১ সাল থেকেই ওই হোটেলে বেআইনি কাজ চলছে। তাঁর অভিযোগ, “এটা ডানলপ এস্টেটের জায়গা।

বহুবার প্রতিবাদ করেছি, কিন্তু হুমকি দেওয়া হয়েছে। পুলিশকেও জানিয়েছি, কোনও ব্যবস্থা নেয়নি।” তাঁর আরও দাবি, হোটেলের সামনে কম্পিউটার ও শিক্ষা কেন্দ্র থাকায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিজেপি নেতার অভিযোগ, হোটেলের মালিক বাপি হালদার তৃণমূল ঘনিষ্ঠ এবং সেই কারণেই প্রশাসনিক প্রশ্রয় পাচ্ছেন।

স্থানীয় এক মহিলা বলেন, “আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কী শিখবে? সারাদিন-সারারাত এখানে এইসব চলে। বহুবার অভিযোগ করেছি, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি।” স্থানীয়দের দাবি, এদিন বিজেপি কর্মীরা এলাকায় জনসংযোগে গিয়ে হোটেলে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঢুকতে দেখেন।

এরপর পুলিশকে খবর দেওয়া হ্য়। অভিযোগ, পুলিশ প্রথমে বিষয়টি প্রকাশ্যে না আনার পরামর্শ দেয়। পরে অবশ্য ওই দুই তরুণীকে আটক করে নিয়ে যায়। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ওই ব্যবসার সঙ্গে সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অভিযুক্ত বাপি হালদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ জানিয়েছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seventeen =