দুর্নীতির আঁতুড়ঘর ডায়মন্ড হারবার পৌরসভা – পৌরসভা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ, সরব দীপক কুমার হালদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শুক্রবার ১৫,মে :: ডায়মন্ড হারবার: রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ফেরানোর বার্তা দিয়েছেন তিনি।

সেই আবহেই এবার ডায়মন্ড হারবার পৌরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতি, কাটমানি এবং বেনিয়মের অভিযোগ তুলে সরব হল বিজেপি।

ডায়মন্ড হারবার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার।

এদিন সকাল থেকেই পৌরসভার সামনে জড়ো হতে শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। হাতে দলীয় পতাকা, পোস্টার এবং ব্যানার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। “দুর্নীতিমুক্ত পৌরসভা চাই”, “কাটমানি বন্ধ কর”, “সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দাও” —

এইসব স্লোগানে মুখর হয়ে ওঠে ডায়মন্ড হারবার পৌরসভা চত্বর। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে বিজেপি নেতা দীপক কুমার হালদার পৌরসভার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন।

তিনি বলেন, “ডায়মন্ড হারবার পৌরসভা এখন কার্যত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সাধারণ মানুষ পৌরসভার পরিষেবা নিতে গেলেই তাদের কাটমানির শিকার হতে হচ্ছে।

জন্ম শংসাপত্র, ট্রেড লাইসেন্স, বাড়ির নকশা পাশ, পানীয় জল সংযোগ থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা পেতে গেলেই মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে । একই রাস্তা বারবার বিভিন্ন প্রকল্পের আওতায় এনে নতুন করে টেন্ডার দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দীপক কুমার হালদার বলেন, “একই রাস্তা কখনও পৌরসভার প্রকল্প, কখনও রাজ্য সরকারের প্রকল্প, আবার কখনও অন্য কোনও উন্নয়ন প্রকল্পের নামে দেখিয়ে টাকা তোলা হচ্ছে।

কিন্তু বাস্তবে এলাকার মানুষ উন্নয়নের কোনও সুফল পাচ্ছেন না। রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং পানীয় জলের সমস্যা আজও রয়ে গিয়েছে।”

সব মিলিয়ে ডায়মন্ড হারবার পৌরসভাকে কেন্দ্র করে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দুর্নীতি, কাটমানি এবং নাগরিক পরিষেবা নিয়ে ওঠা অভিযোগকে ঘিরে এখন সরগরম ডায়মন্ড হারবারের রাজনৈতিক ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =