নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: মঙ্গলবার ১৯,মে :: সোমবার সিতাই বিধানসভার ব্রহ্মত্তর চাত্রা অঞ্চল তৃণমূল সভাপতি হলধর বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার গ্রামবাসীরা।
বাংলা আবাস যোজনায় জোরপূর্বক আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে এদিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৪ঠা মে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। অভিযোগ, এর আগে রাজ্য সরকারে থাকাকালীন সময়ে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাঁরা।
বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত কাটমানি তোলা হয়।
অভিযোগ, হলধর বর্মন ও তার স্ত্রী কণিকা বর্মন যিনি নিজে পঞ্চায়েত সদস্যা দুজনে মিলে কাটমানি নেওয়ার তালিকায় রয়েছেন। তারা দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই হলধর বর্মন ও তার স্ত্রী কণিকা বর্মনের দেখা মেলেনি।
তাদের পরিবারের কাছেও তারা কোথায় আছেন, তার কোনো সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই প্রতিবাদ মিছিলে অংশ নেন এবং বাড়ি ঘেরাও করে রাখেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সকলে আলাদা আলাদা ভাবে সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে এই ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া প্রশাসনের কাছ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

