নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৯,জুন :: সোমবার সকালে পুরাতন মালদা শহরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি তুতবাড়ি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রোহিত শেখ। তাঁর বাড়িও ওই এলাকাতেই।
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি স্থানে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে রয়েছেন মৃতের বাবা, মা ও দাদা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রোহিত দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
অনুমান করা হচ্ছে, সকালে প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে জল ব্যবহার করার সময় আচমকা মৃগীর খিঁচুনি ওঠে। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

