নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সমুদ্রগড় :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের দেওয়ালে আঁকা ছবিকে কেন্দ্র করে চরম বিতর্ক ছড়াল পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে। অভিযোগ, স্কুলের দেওয়ালে আঁকা চিত্রে জাতীয় পতাকার রঙের ক্রম উল্টে দেওয়া হয়েছে ।
ইন্ডিয়া গেটের বদলে মসজিদের মতো এক বিতর্কিত কাঠামো ফুটিয়ে তোলা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন ছাত্ররা। দ্রুত এই ভুল সংশোধনের দাবি তুলেছেন তাঁরা। শুধুমাত্র জাতীয় পতাকার রঙের বিভ্রান্তিই নয়, আরও একটি বড় অসঙ্গতি ধরা পড়েছে ছবিতে।
স্থানীয়দের দাবি, স্মৃতিসৌধ হিসেবে ইন্ডিয়া গেট বোঝাতে গিয়ে একটি মসজিদের মতো গম্বুজ বিশিষ্ট কাঠামো আঁকা হয়েছে। স্থানীয় প্রাক্তন ছাত্র শ্যামল মালাকার ও বাসিন্দা জয়দেব পাল সহ অন্যান্যরা জানান, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের নজরে আনা হয়েছে।
তাঁদের স্পষ্ট দাবি, এই ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দেওয়ালের এই বিতর্কিত ও ভুল ছবি মুছে তা সঠিকভাবে পুনরায় আঁকতে হবে।ক্ষুব্ধ স্থানীয়দের দাবি মেনে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ছবিটি সংশোধন করে কি না, এখন সেটাই দেখার।

