জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২,মে :: ইভিএম-এর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শাসকদলের ‘তৎপরতা’ রুখতে এবার কোমর বেঁধে নামছে বিজেপি । আগামী সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে রবিবার সকাল থেকেই রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের সামনে অবস্থানে বসছেন বিজেপির মহিলা কর্মীরা ।
মূলত সোমবার গণনাকেন্দ্রে প্রার্থীরা পৌঁছানোর আগে পর্যন্ত ইভিএম-এর সুরক্ষাকবচ হিসেবে কাজ করবেন এই মহিলা কর্মীরাই। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতেও সিসিটিভি মনিটর বন্ধ হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়।
যদিও কমিশন সূত্রে দাবি করা হয়েছে যে সিসি ক্যামেরা সচল ছিল, কেবল প্রযুক্তিগত কারণে ডিসপ্লে মনিটরটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে কমিশনের আশ্বাসে ভরসা না রেখে ময়দানে নেমে সরাসরি পাহারার পথই বেছে নিল বিজেপি।
দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি স্ট্রংরুমের বাইরে দিন-রাত পাহারায় থাকবেন বিজেপির মহিলা সদস্যরা।

