হুগলি চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে বন্ধ অ্যাম্বুল্যান্স পরিষেবা

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ১৪,আগস্ট :: বৃহস্পতিবার থেকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে বন্ধ অ্যাম্বুল্যান্স পরিষেবা। বেজায় সমস্যায় রোগীদের পরিবারের লোকজন।

এ দিন সকালে স্থানীয় বিধায়কের কয়েকজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে অ্যাম্বুল্যান্স পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে আপত্তি জানান। চালকদের সঙ্গে বচসাও শুরু হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের।

অ্যাম্বুল্যান্স চালকদের দাবি, যে ঠিকাদার সংস্থার হয়ে তাঁরা গাড়ি চালান, সেই সংস্থা তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। ছোটোখাটো কারণে বেতন কেটে নেওয়া হচ্ছে। তাঁদের নানা ভাবে হয়রান করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, চালকদের বৈধ পরিচয় পত্র দেওয়া হচ্ছে না।

তাঁদের গাড়ি নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছে। এই কয়েক দফা দাবি নিয়ে তাঁরা গোটা রাজ্যেই ১০২ বন্ধ রেখেছেন।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান স্থানীয় বিজেপি বিধায়কের কিছু প্রতিনিধি। তাঁরা অ্যাম্বুল্যান্স পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে আপত্তি জানান। পরিষেবা চালু না রেখে আন্দোলন করা যাবে না বলে জানিয়ে দেন তাঁরা। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, ‘গরিব মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হন এই বিষয়টি আমরা দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =