নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ১৪,আগস্ট :: মদের আসরেই কি খুন করা হয়েছে ২৫ বছরের এক যুবককে? শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা রেলসেতুর কাছে নির্জন এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতদেহের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি মদের খালি বোতল, সিগারেটের প্যাকেট এবং কিছু টাকা। ফলে ওই জায়গায় মদের আসর বসেছিল কি না, এবং সেই আসরেই কোনও বচসার জেরে যুবককে খুন করা হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিস্তা রেলসেতু সংলগ্ন ওই নির্জন এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত নেশার আসর বসে। বিষয়টি নিয়ে একাধিকবার আবেদন-নিবেদন করা হলেও এলাকায় নেশার আসর বন্ধ হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁদের দাবি, প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
এদিকে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তাঁর শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এল এবং ঘটনার পিছনে কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না—সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।।

