“১০০ দিনে কতটা কাজ? ডায়মন্ড হারবারে সাংবাদিক সম্মেলনে সরকারের সাফল্যের খতিয়ান বিজেপির”

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার  :: বুধবার ১৯,আগস্ট :: বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন।

ডায়মন্ড হারবারের একটি বিলাস বহুল হোটেলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরার পাশাপাশি নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, মহিলা কল্যাণ, কর্মসংস্থান, শিল্প, সুন্দরবন উন্নয়ন এবং উপকূলবর্তী এলাকার মানুষের জন্য সরকারি উদ্যোগের বিষয়গুলি তুলে ধরা হয়।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর,

ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা, ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ, সাংগঠনিক জেলার সহ-সভাপতি অতনু সাঁতারা এবং ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দীপক কুমার হালদার-সহ দলের একাধিক নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা দাবি করেন, নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে।

সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, মহিলা, যুবসমাজ, কৃষক, সাধারণ মানুষ এবং রাজ্যের শিল্পক্ষেত্র—সমস্ত স্তরের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন বিশেষভাবে উঠে আসে অন্নপূর্ণা যোজনা-র প্রসঙ্গ। সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

তাঁর বক্তব্য, রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছতে শুরু করেছে। মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে তাঁদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।

মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা বিনামূল্যে করার বিষয়টিও এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। মন্ত্রীর দাবি, মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে আর্থিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষেত্র, শিক্ষা এবং

দৈনন্দিন প্রয়োজনের জন্য তাঁদের আরও সহজে যাতায়াতের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে মহিলাদের জন্য আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =