নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: মঙ্গলবার ১৮,আগস্ট :: ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়ার ইতিহাসে স্বাধীনতার আনন্দ এসেছিল কিছুটা দেরিতে। তাই নদিয়ার একাংশে ১৮ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় ভারতভুক্তি দিবস।
নদিয়া, মালদহ ও মুর্শিদাবাদের কিছু এলাকাতেও এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও সীমানা নির্ধারণের জটিলতায় নদিয়া ও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে চিহ্নিত হয়।
র্যাডক্লিফের সীমানা প্রকাশের পর বিষয়টি জানতে পারেন নদিয়ার মানুষ। স্বাধীনতার আনন্দের মধ্যেই নেমে আসে উদ্বেগ ও অনিশ্চয়তা।
বিভিন্ন এলাকায় শুরু হয় প্রতিবাদ, মিটিং, মিছিল ও ধর্মঘট। তৎকালীন সাংসদ পন্ডিত লক্ষীকান্ত মৈত্রের প্রচেষ্টায় এবং রানি জ্যোতির্ময়ী দেবী সহ বিশিষ্ট ব্যক্তিরাও সক্রিয় ভূমিকা নেন।
নদিয়ার নিরাপত্তার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে ফোর্ট উইলিয়াম থেকেও সেনা মোতায়েন করা হয় বলে জানা যায়।
পরবর্তী সময়ে সীমানা সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করা হলে ১৭ ও ১৮ আগস্টের মধ্যে স্পষ্ট হয়, নদিয়ার বিস্তীর্ণ অংশ ভারতের অন্তর্ভুক্ত। স্বস্তি ফেরে মানুষের মনে।
নদিয়া জেলার শিবনিবাস, রানাঘাট, শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে আজও ১৮ আগস্ট মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়। তেরাত্রির অপেক্ষা পেরিয়ে ভারতীয় পতাকা হাতে তুলে নেওয়ার সেই স্মৃতি তাঁদের কাছে ১৮ আগস্ট শুধু একটি তারিখ নয়, ইতিহাস ও গর্বের দিন।

