৬ বছরের শিশুকে হেনস্থার অভিযোগ – গণরোষের পর হাবড়ায় গ্রেফতার প্রতিবেশী যুবক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: সোমবার ২৯,জুন :: ছয় বছরের এক নাবালিকা শিশুকে ঘিরে গুরুতর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুরেশ বেপারি।

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন পাড়া-প্রতিবেশীরা। সূত্র মারফত জানা গেছে, গত শুক্রবার দুপুরবেলা বাড়ির অদূরেই খেলছিল ওই নাবালিকা। বাড়ি ফিরতে দেরি হওয়ায় সন্দেহ তৈরি হয় শিশুর মায়ের মনে।

তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। প্রথমটায় ভয়ে কিছু না বললেও, গত রবিবার সন্ধ্যায় গুটিয়ে থাকা ছোট্ট মেয়েটি তার মায়ের কাছে সমস্ত বিষয়টি খুলে বলে।

মেয়ের মুখে ঘটনার কথা শুনে রবিবার রাতেই নির্যাতিতার বাবা-মা প্রতিবেশী সুরেশ বেপারিকে জিজ্ঞাসাবাদ করতে যান।

অভিযোগ, সেই সময় সুরেশের পরিবারের লোকজন উল্টে ওই নাবালিকার বাবা-মায়ের ওপর চড়াও হয় এবং তাঁদের গালিগালাজ করে।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পাড়া-প্রতিবেশীরা। রাতেই উত্তেজিত জনতা সুরেশের বাড়িতে চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করার পাশাপাশি, নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে সুরেশ বেপারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। আক্রান্ত শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =