নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শনিবার ৪,জুলাই :: হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলভি গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথ এলাকায় দীর্ঘ ৮ বছর ধরে দখল হয়ে থাকা জমি অবশেষে ফিরে পেলেন প্রাক্তন সেনাকর্মী শরদিন্দু মণ্ডল।
অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁর প্রায় আড়াই বিঘা জমি তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি, ধমকানি ও চাপ সৃষ্টি করে জোরপূর্বক দখল করে রেখেছিল।
জানা যায়, ঘটনার পর শরদিন্দু মণ্ডল স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও প্রথমদিকে কোনও সুরাহা মেলেনি। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত তাঁর পক্ষে রায় দেয়। আদালতের নির্দেশে জমি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি শরদিন্দু মণ্ডল ও তাঁর পরিবার। এই রায়ের আনন্দে এদিন তিনি রাস্তায় গাড়ি থামিয়ে এলাকার মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

