৯০ রানের দাপুটে জয় – এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ভারত

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ২৬,জুলাই :: হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই নিজেদের আধিপত্য বজায় রেখে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল ভারত।

এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজের নামে করে নিল তারা। দুর্দান্ত ইনিংস খেলেন ইশান কিষান ও তিলক বর্মা। ইশান মাত্র ৪৪ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন,তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ২টি ছক্কা দিয়ে।

অপরদিকে তিলক বর্মা ২৯ বলে অপরাজিত ৬০ রান করেন। এই দুই ব্যাটারের ৯৪ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়। অপরদিকে বৈভব সূর্যবংশীও মাত্র ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ২১৯ রান।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে অসহায় চিল জিম্বাবুয়ে । নিয়মিত বিরতিতে তাদের উইকেট পতন হতে থাকে। ব্রায়ান বেনেট ৩২ এবং তাদিওয়ানাশে মারুমানি ২৪ রান করেন। তবে বড় কোনো জুটি গড়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

বল হাতে ভারতের হয়ে অভিষেক শর্মা মাত্র ২.৫ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। যশ ঠাকুর ২টি উইকেট সংগ্রহ করেছেন। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে জিম্বাবুয়ে কোনভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

ব্যাট হাতে ইশান কিষান ও তিলক বর্মার দুরন্ত ইনিংস এবং পরে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ৯০ রানের বড় জয় তুলে নেয় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 6 =