নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৬,জুলাই :: পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছিন্নমস্তা তুরিপাড়া এলাকায় প্রায় ৬ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শিশুর নাম ঋত্বিক রুজ (৬)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার একটি ঝোপের মধ্যে শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে দেহে আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
মৃত শিশুর বাবা ছোটু রুজ জানান, শনিবার থেকেই তাঁর ছেলে নিখোঁজ ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। তাঁর দাবি, পুলিশও শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করেছিল। কিন্তু রবিবার এলাকায় ঝোপের মধ্যে ছেলের মৃতদেহ উদ্ধার হয়।
কীভাবে তাঁর সন্তানের মৃত্যু হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে, স্থানীয় বিজেপি নেতা অঙ্কুর রায় ঘটনাস্থলে পৌঁছে বলেন, শিশুটি শনিবার থেকেই নিখোঁজ ছিল। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তল্লাশি শুরু করেছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত রবিবার তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি বলেন, কী পরিস্থিতিতে শিশুটির মৃত্যু হয়েছে, তা তদন্তের বিষয় এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

