নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৫,এপ্রিল :: বাঁকুড়ার জঙ্গলমহল। প্রকৃতি সুন্দর হলেও এখানকার আদিবাসী গ্রামগুলোর জীবনযাত্রা আজও কঠিন। রানীবাঁধ বিধানসভার চালথা মোড় থেকে জুভি গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা যেন মরণফাঁদ।
দশ বছর আগে শেষবার পিচ পড়েছিল, এখন শুধু পড়ে আছে বড় বড় পাথরের চাঁই। আর পানীয় জল? তিন বছর আগে জল দেওয়ার নাম করে ট্যাপ বসানো হলেও এখন তা কার্যত ভাঙা লোহার স্তূপ।
তাই এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ‘ভোট বয়কটের’ ডাক দিয়ে কড়া বার্তা দিলেন বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের চালথা, ডুমুরডাঙ্গা, জূভি, বাগদিয়া গ্রামের বাসিন্দারা। গ্রামের দেওয়ালে দেওয়ালে স্পষ্ট লেখা— পানীয় জল, রাস্তা, সোলার লাইট এর দাবিতে ভোট বয়কট।
অভিযোগ, ভোট এলেই নেতাদের আনাগোনা বাড়ে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোট মিটলেই গ্রামের নাম ভুলে যান সকলে। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, বর্ষাকালে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগীকে কয়েক কিলোমিটার পথ ঘুরিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার, প্রতিশ্রুতির ফুলঝুরিতে চিঁড়ে ভেজে নাকি ভোটবাক্স খালিই রেখে দেন গ্রামবাসীরা।

