সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ২৬,এপ্রিল :: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই রবিবার দুপুরে কাকদ্বীপ মহকুমা অফিসে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নেতৃত্ব দেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার। বৈঠক থেকে তিনি স্পষ্ট বার্তা দেন—যেকোনও মূল্যে নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ, এবং সেই কাজে সব রাজনৈতিক দলকেই এগিয়ে আসতে হবে।
বৈঠকে কমিশনার জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে ভোটের দিন কোনওভাবেই অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কোথাও গোলমাল বা আইনভঙ্গের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনী।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রকম জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সাধারণ ভোটার ছাড়া অন্য কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও, জেলা শাসকের অনুমতি ছাড়া কোনও গাড়ি ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।
এতে করে বাহিরাগতদের আনাগোনা রোধ করা সম্ভব হবে বলে প্রশাসনের আশা। বিশেষভাবে স্পর্শকাতর এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে, যাতে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়।
মনোজ কুমার বলেন, “ভোট মানেই উৎসব। সেই উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, এবার ভোটের হার ৯০ শতাংশেরও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভোটারদের উৎসাহ বাড়াতে এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে।
বৈঠকে বাইক বাহিনীর দাপট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনও এলাকায় বাইক বাহিনীর মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ধরনের কার্যকলাপ রুখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হয়েছে।

