নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,মে :: পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীকে দেখা যায় নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাতে। মেদিনীপুরের ভূমিপুত্র থেকে আজ মহাকরণের প্রধান—শুভেন্দু অধিকারীর এই যাত্রাপথকে ঐতিহাসিক বিজয় হিসেবেই দেখছেন তাঁর সমর্থকেরা।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি আজ মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। তাঁরা কে কোন দপ্তর সামলাবেন, এখনও ঘোষণা করা হয়নি।ব্রিগেডের মেগা মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বিরল মুহূর্তের সাক্ষী হতে কলকাতায় হাজির হয়েছেন। রয়েছেন প্রায় ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীরাও ।

