নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: শুক্রবার ২২,মে :: রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরেও সেই অভিযানের ছবি দেখা গেল।
শুক্রবার সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস ভেঙে দেয়। জানা গেছে, একটি পার্টি অফিস ছিল বার্নপুরের বাটা রোড এলাকায় এবং অন্যটি মসজিদ রোডে।
সেল আইএসপি কর্তৃপক্ষের দাবি, কারখানার জমি দখল করে বেআইনিভাবে ওই দুটি পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল।
আইএসপি সূত্রে খবর, এর আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও নির্মাণ সরানো না হওয়ায় শুক্রবার প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বুলডোজার চালিয়ে কাঠামো দুটি ভেঙে ফেলা হয়।
সেল আইএসপির তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

