রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন নীলম মিনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৫,মে ::  রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনা। নির্বাচন কমিশনের তরফে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পর প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকা মনোজ কুমার আগরওয়ালকে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল। এরপরই নতুন সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে তিনজন প্রবীণ আইএএস অফিসারের নামের একটি প্যানেল পাঠিয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। দীর্ঘ পর্যালোচনার পর নীলম মিনার নামেই সিলমোহর দেয় কমিশন।প্রশাসনিক মহলের মতে, নীলম মিনার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজের দক্ষতাই তাঁকে এগিয়ে দিয়েছে। নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা সংশোধন, বুথ ব্যবস্থাপনা এবং কমিশনের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর কাঁধে থাকবে।

আগামী দিনে রাজ্যে একাধিক পুরসভা ও উপনির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়োগের দিকে নজর রাখছে। সম্প্রতি মুখ্যসচিব পদে মনোজ আগরওয়ালের নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

সেই আবহেই নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নীলম মিনার দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনাও শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে দায়িত্বভার গ্রহণের দিন ঘোষণা করা হবে।

প্রশাসনিক মহলের আশা, নতুন সিইও হিসেবে নীলম মিনা রাজ্যের নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে উদ্যোগী হবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =