নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::জলপাইগুড়ি :: বুধবার ২৪,জুন :: সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র জনরোষের মুখে পড়লেন।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ |
শেষপর্যন্ত চাপে পড়ে ওই হোমগার্ড কর্মীরই বাইকের চালান কাটে। বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে গতকালই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড।
আজ কলেজ পাড়া এলাকা দিয়ে ওই হোমগার্ডকে বাইক চালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় মোবাইলের মাধ্যমে সরকারি অ্যাপে বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই ধরা পড়ে আসল তথ্য। দেখা যায়, হোমগার্ডের নিজের বাইকেরই ট্যাক্স ও ইন্স্যুরেন্সসহ একাধিক কাগজপত্র ফেল রয়েছে।
নিয়ম ভঙ্গের এই দ্বিমুখিতা নজরে আসতেই স্থানীয়রা তাঁকে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তুমুল উত্তেজনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, শেষপর্যন্ত সাধারণ মানুষের চাপের মুখেই ওই হোমগার্ডের বাইকের জরিমানা করা হয়।
তবে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায়, পুলিশের এই ধরনের দ্বিমুখী আচরণ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

