নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: শুক্রবার ২৬,জুন :: অভিযানে বাজেয়াপ্ত আসবাবপত্র, এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে ।
ইসিএলের জমিতে গড়ে ওঠা কথিত অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নোনিয়া-র সঙ্গে যুক্ত বলে দাবি করা একটি কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)।
জানা গিয়েছে, ইসিএলের জমিতে অবৈধভাবে নির্মিত ওই স্থাপনা উচ্ছেদের উদ্দেশ্যে প্রশাসন ও ইসিএলের আধিকারিকরা বিপুল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে জেসিবি মেশিনের সাহায্যে পুরো কাঠামোটি ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালীন চাপুই কোলিয়ারির এইচআর সোমু তিওয়ারি এবং রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ-এর উপস্থিতিতে ওই কার্যালয়ের ভিতরে থাকা সোফা, টেবিল, চেয়ার-সহ বিভিন্ন আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়।
এরপর বুলডোজার দিয়ে ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে এই অভিযান দেখতে বহু স্থানীয় বাসিন্দা ভিড় জমান। স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রুইদাস দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নোনিয়া-র সঙ্গে যুক্ত ছিল।
তবে এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থার জমিতে কোনও ধরনের অবৈধ দখল বা নির্মাণ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

