নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: সোমবার ২৯,জুন :: স্নান পূর্ণিমার ঠিক প্রাক্কালেই পূর্ব মেদিনীপুর জেলার দীঘার জগন্নাথ মন্দিরে ঝটিকা সফরে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী।
এদিন তিনি মন্দিরে অনুষ্ঠিত বিশেষ আরতিতে ভক্তিভরে অংশগ্রহণ করেন এবং শ্রীজগন্নাথদেবের দর্শন ও পূজা অর্চনা করেন।
সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দীঘা ইসকন মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমণ দাস। আরতির পর ইসকনের পক্ষ থেকে শিশির অধিকারীকে আসন্ন রথযাত্রা উৎসবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি তাঁকে রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করার জন্যও বিশেষ অনুরোধ জানানো হয়।
স্নান পূর্ণিমাকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ করা যায়। সাংসদ শিশির অধিকারীর এই সফরকে ঘিরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়। রথযাত্রা উপলক্ষে দীঘায় ধর্মীয় আবহ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

