ডামডিমে ব্যাংকের সিএসপি কেন্দ্র ঘিরে প্রতারণার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসী.

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: সোমবার ২৯,জুন :: মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের সাইলি চা বাগানের বেতবাড়ি ডিভিশনে শ্রমিক আবাসনে পরিচালিত একটি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) কেন্দ্রকে ঘিরে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ডামডিম গ্রাম পঞ্চায়েতের সদস্য আজাদ বারার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে প্রতারিত দাবি করা শ্রমিকরা মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, আজাদ বারা সাইলি চা বাগানের বেতবাড়ি ডিভিশনে চৌকিদারের কাজ করেন। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হন।অভিযোগকারী অবসরপ্রাপ্ত চা-শ্রমিক পোকাই মুন্ডা মাল থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, অবসরের পর তিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে আজাদ বারার পরিচালিত সিএসপি কেন্দ্রের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন। তাঁর দাবি, মৃত স্বামীর ফান্ডসহ তাঁর অ্যাকাউন্টে ১১ লক্ষ টাকারও বেশি জমা ছিল।

কিন্তু সম্প্রতি টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। এই ঘটনায় তিনি আজাদ বারার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, রবিবার আজাদের গ্রামে গিয়ে দেখা যায়, বহু গ্রামবাসী একত্রিত হয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।

আজাদ বারার স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী সম্পূর্ণ নির্দোষ এবং ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, “পুলিশ সঠিক তদন্ত করুক। সত্য সামনে আসুক।” গ্রামবাসীদের একাংশেরও দাবি, আজাদ বারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তাঁদের বক্তব্য, সরকারি প্রকল্পের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তিনি বহু অসহায় মানুষের বাড়ি নির্মাণে সাহায্য করেছেন এবং বিভিন্ন বিপদে মানুষের পাশে থেকেছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু যুবক আজাদ বারাকে ফাঁসানোর চেষ্টা করছে।

তাই প্রশাসনের কাছে তাঁদের আবেদন, রাজনৈতিক পরিচয় নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =