১১ বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার – ধর্ষণের পর খুনের অভিযোগে উত্তাল বারুইপুর

জাকির আলী :: সংবাদ প্র বাহ :: বারুইপুর :: রবিবার ৫,জুলাই :: এক অভিযুক্ত আটক, সকলকে গ্রেফতারের দাবিতে অবরোধ-বিক্ষোভ । দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১১ বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় ৪টার পর থেকে নাবালিকাটি নিখোঁজ ছিল। পরিবারের দাবি, বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের অভিযোগ, চারজন অভিযুক্ত জোর করে তাকে তুলে নিয়ে যায়।

বারুইপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেহ আটকে রেখে অবরোধ ও বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পুলিশ জেলার ঊর্ধ্বতন আধিকারিকরা।

তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত সকল অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

পুলিশ জানিয়েছে, প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =