প্রত্যন্ত সুন্দরবনে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র, মিলল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ১২,জুলাই :: প্রত্যন্ত সুন্দরবনের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল স্বাস্থ্যকেন্দ্র।

স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ১৩ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় আয়োজন করা হয় একটি ভ্রাম্যমান চিকিৎসা শিবির।এই শিবিরে এলাকার বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান। চিকিৎসকদের তত্ত্বাবধানে রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা-সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়।

দুর্গম সুন্দরবন এলাকার বাসিন্দাদের অনেক সময় চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে।

ফলে বয়স্ক মানুষ থেকে শুরু করে নারী ও শিশু— সকলেই এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন।স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির কাছেই চিকিৎসক, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পাওয়ায় তাঁদের অনেকটাই সুবিধা হয়েছে।

ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির নিয়মিত আয়োজনের দাবি জানান তাঁরা। স্যান্ডেলের বিল স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক ডা. ছোট্টু মণ্ডল বলেন, “প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

বর্তমানে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশি পরিমাণে ওষুধ ও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে।”

প্রত্যন্ত সুন্দরবনের মতো দুর্গম এলাকায় এই ধরনের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =