আলোচনা সভায় ডেকে মারধর ও প্রাণনাশের হুমকি – মেমারি থানায় লিখিত অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: পূর্ব বর্ধমানের মেমারির নিশিরাগড় এলাকায় বুধবার রাতে আলোচনা সভায় ডেকে এক পরিবারের উপর মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা তরুণ নন্দী।

অভিযোগ, প্রায় এক মাস আগে কৃষ্ণ নন্দী নামে এক ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে জানতে পারেন তরুণ নন্দী। বিষয়টি তিনি মেমারি থানায় জানালে পুলিশ উভয় পক্ষকে ডাকে। অভিযোগ, তরুণ নন্দী থানায় উপস্থিত হলেও অপর পক্ষ উপস্থিত হয়নি।

পরবর্তীতে স্থানীয় এক রাজনৈতিক কর্মীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অভিযোগ, সেখানে নিজের বক্তব্য রাখতে গেলে কৃষ্ণ নন্দী, মঙ্গলদীপ নন্দী, হারু নন্দী, সাগর পরামানিক, মায়া পরামানিক, প্রতাপ পরামানিক ও সুমনা পরামানিক তাঁর ও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।

তরুণ নন্দীর দাবি, হামলায় তাঁর পরিবারের একাধিক সদস্য আহত হন এবং অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেয়। বর্তমানে নিরাপত্তার অভাবে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। তবে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =