নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শনিবার ১৮,জুলাই :: ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হলদিবাড়ি রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন সম্পন্ন হয়।
একইসঙ্গে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে আরও ৭৫টি পুনর্নির্মিত রেলস্টেশনেরও উদ্বোধন করেন তিনি। উদ্বোধন উপলক্ষে হলদিবাড়ি স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ ও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে হলদিবাড়ি স্টেশনে একাধিক আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
এর মধ্যে রয়েছে প্রশস্ত প্রবেশদ্বার, নতুন পার্কিং এলাকা, চওড়া ফুট ওভার ব্রিজ, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, লিফট, র্যাম্প, মডিউলার শৌচাগার, উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা, আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং আকর্ষণীয় আলোকসজ্জা।
এই উন্নয়ন যাত্রীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করে তুলবে বলে রেল কর্তৃপক্ষের আশা।

