গৌরান্ডি জঙ্গলে একই গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা ও যুবকের দেহ, চাঞ্চল্য বারাবনিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২,আগস্ট :: পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার গৌরান্ডি সংলগ্ন জঙ্গল থেকে রবিবার সকালে এক বৃদ্ধা ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ কয়েকজন স্থানীয় বাসিন্দা জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়ে একটি গাছের একই ডাল থেকে দড়ির ফাঁসে ঝুলন্ত দুই ব্যক্তির দেহ দেখতে পান।মৃতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৫৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ২৫ বছর বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল বা তাঁরা কোন এলাকার বাসিন্দা, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি।

এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, সকালে কাঠ কাটতে এসে তাঁরা ঝুলন্ত দেহ দুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। তাঁর দাবি, মৃত দু’জনকে এলাকার বাসিন্দা বলে মনে হচ্ছে না।

ঘটনাটি আত্মহত্যা, নাকি অন্য কোথাও হত্যার পর দেহ এনে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারীদের অনুমান।

বারাবনি থানার পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কেউ যদি মৃত দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনও তথ্য জানেন, তবে দ্রুত থানার সঙ্গে যোগাযোগ করার জন্য। ঘটনাকে কেন্দ্র করে গোটা গৌরান্ডি এলাকায় উদ্বেগ ও জল্পনার পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =