বাংলা ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই ট্রাকে আগুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায় একটি কয়লা বোঝাই ট্রাকে আচমকা আগুন লেগে চরম চাঞ্চল্য ছড়ালো।

বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক সংলগ্ন পার্কিং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ট্রাক চালক এম.ডি সিরাজ জানান, তিনি ঝাড়খণ্ডের নিরসা থেকে বৈধ কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

যাত্রাপথে ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাখার সময় আচমকাই তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় অন্যান্য গাড়ির চালক ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

ঘটনাটি নজরে আসতেই দ্রুত এগিয়ে আসেন স্থানীয় চালক ও ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়।

এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।দমকল কর্মীদের দ্রুত ও সতর্কতামূলক পদক্ষেপে কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

চালকের দাবি, গাড়িতে থাকা কয়লার সমস্ত নথিপত্র বৈধ ছিল। তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে এই আগুন লাগল—যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণ—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল দপ্তর ও কুলটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =