নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুনিয়াদপুর :: সোমবার ২,মার্চ :: মাংস রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে মৃত্যু মা ও ছেলের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের ১৩ নাম্বার ওয়ার্ডের আম্বই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিভলেও দেখা যায়নি কোন দমকলকে।
পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম পুতুল মণ্ডল ( ৫৫), তার ছেলের নাম বিপ্লব মণ্ডল (৩৫)। তিন জনের অভাবী সংসারে বাবা বীরেন মন্ডল এদিন খেজুরের রস বিক্রি করে সামান্য মাংস কিনে এনেছিলেন তিনজনে খাবে বলে। গ্যাসে বসিয়ে সেটাই রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মা পুতুল মন্ডল।
এর মাঝেই আচমকায় গ্যাসের গন্ধ পান তিনি। সিলিন্ডারের কোথাও থেকে গ্যাস বেরোচ্ছে এমনটা অনুমান করে ছেলে বিপ্লবকে ডাকেন। পেশায় রঙ মিস্ত্রী বিপ্লব ভিনরাজ্যেই বেশি থাকেন। রান্না করতে মায়ের সমস্যা শুনে তড়িঘড়ি এগিয়ে আসেন তিনি।
সিলিন্ডারের কোথায় দিয়ে গ্যাস বেরোচ্ছে তা বুঝতেই দেশলায়ের কাঠি জ্বালান তিনি। আর এতেই বাড়ে বিপদ।
সিলিন্ডারে দাউদাউ করে আগুন জ্বলে উঠতেই তা লাথি মেরে ফেলে দেন বিপ্লব। যার জেরেই ভর্তি গ্যাস সিলিন্ডারের আগুনের মাত্রা আরো বাড়তে থাকে। যা দেখে ভয়ে পাশের একটি ছোট ঘরে পালিয়ে আশ্রয় নেয় মা ও ছেলে।
এদিকে আগুন নেভানোর কোন বুদ্ধি না পেয়ে চিতকার করে আশপাশের লোকজনকে ডাকতে ছোটেন বাবা বীরেন মন্ডল। কিন্তু তার মাঝেই গ্যাস সিলিন্ডারের আগুনে মুহুর্তেই ঝলসে যায় মা ও ছেলে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভালোও কোনভাবেই বাচাতে সক্ষম হয়নি মা ও ছেলেকে।
চোখের সামনে স্ত্রী ও একমাত্র ছেলেকে গ্যাসের আগুনে ঝলসে মরতে দেখে কান্নায় ভেঙে পড়েছে বাবা বীরেন মন্ডল। তার কথায়, মাংস রান্না করতে গিয়ে গ্যাসের ত্রুটী ধরা পড়ে। নতুন সিলিন্ডার থেকে কোনভাবে গ্যাস লিক করছিল। যা চেক করতে এগিয়ে গিয়েছিল ছেলে।
কিন্তু তারপর মুহুর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা যেন তার কাছে আজ দুস্বপ্ন। স্থানীয় লোকজনকে ডেকে আনার সময়টুকু পাননি।
তার আগেই ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। এদিকে এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দমকল। শহরের মধ্যে এমন একটি ঘটনার পরেও কেন তারা পৌঁছাতে পারলো না তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

