নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিকিম :: মঙ্গলবার ২১,জুলাই :: সিকিমের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা। ধসে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মিথেন গ্যাস লিকের ঘটনায় বাধা হয়ে উঠে উদ্ধারকাজ।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। একাধিক ব্যক্তি এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুং এলাকায় অবস্থিত এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ এডিট-৩ টানেলে হঠাৎ ধসে সুড়ঙ্গের প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সেই সময় সুড়ঙ্গের ভিতরে মোট ২৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির ৬ জন আধিকারিক ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসা পরিষেবা মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। পাশাপাশি এলাকাটি ঘিরে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়েছে।

